প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসাখাতে উন্নতির জন্য ঋণের বিপরীতে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুরের কাছে অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার গভর্নরের সঙ্গে এক বৈঠকে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) একটি প্রতিনিধিদল তাদের উদ্বেগ তুলে ধরেন।
সুদ হার ধীরে ধীরে কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরে তারা গভর্নরকে জানান, বর্তমানে ঋণ গ্রহীতাদের ১৪ শতাংশের বেশি সুদ দিতে হয়, যা ছোট এবং মাঝারি শিল্পের জন্য অনেক বেশি।
গভর্নরকে লেখা চিঠিতে তারা জানান, ‘প্রতিযোগিতামূলক বাজারে ছোট ও মাঝারি উদ্যোক্তারা মাত্র ১০-১১ শতাংশ মুনাফা করতে পারে।’
ঋণের উচ্চ সুদহারে অনেকের জন্য ব্যবসা টিকিয়ে রাখা কঠিন করে তুলেছে, বলেও উল্লেখ করেন তারা। তাদের মতে, সুদের হার কমিয়ে আনা হলে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখা যাবে এবং বিনিয়োগ উৎসাহিত হবে।
প্রতিনিধিদলটি দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কয়েকটি প্রস্তাবও উপস্থাপন করে।


