সিলেটে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুটি পরিত্যক্ত গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নগরের তালতলায় বাংলাদেশ ব্যাংক সিলেটের পাশে বিটিসিএল অফিসের পুরাতন মালামাল সংরক্ষিত সেমিপাকা দুইটি ভবনে আগুন লেগে যায় বলে বিটিসিএল সূত্র জানায়।
বুধবার সন্ধ্যায় ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিটিসিএলের ডিজিএম মিহির রায় বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বিষয়টি আরও খতিয়ে দেখা হবে।
এদিকে, তালতলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মোহাম্মদ কুতুব উদ্দিন জানিয়েছেন, এটি নিছক একটি দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। তবু বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে বলে উল্লেখ করেন তিনি।


