মানিকগঞ্জের সিংগাইরে নিজের পেঁপে ক্ষেত থেকে মালিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত শামসুদ্দিন ওরফে সাম্বু (৪৮) উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার ভোরে বাড়ির অদূরে নিজের লাগানো পেঁপে ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তিনি তিন সন্তানের জনক এবং রাজমিস্ত্রির কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন।
শামসুদ্দিনের স্ত্রী কাঞ্চনমালা জানান, বৃহস্পতিবার রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে শামসুদ্দিন বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি ফিরে আসেননি। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দা রিয়াজুল ইসলাম ও ফেলা পেঁপে ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরে এলাকাবাসী মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
তিনি আরও জানান, স্বামীর মৃত্যুকে ঘিরে তাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই।
এলাকাবাসীর বরাতে জানা যায়, শামসুদ্দিন কিছুদিন ধরে পারিবারিক ও মানসিক চাপের মধ্যে ছিলেন। তার ছেলে মাদকাসক্ত এবং মেয়ের সংসারেও অশান্তি চলছিল। এসব কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। স্থানীয়দের ধারণা, অতিরিক্ত মানসিক চাপের কারণে তিনি হয়তো স্ট্রোক করে মারা যেতে পারেন। তবে এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানিয়েছেন- তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি।’


