পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সোমবার আগারগাঁও এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
সারা দেশে ৭২০ ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১১-২১ মে ২০২৬ পর্যন্ত ১০ দিন (শুক্রবার ব্যতীত) দৈনিক ট্রাক প্রতি ৪০০ জন সাধারণ জনগণের নিকট সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি–ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল–বিক্রয়ের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮ দশমিক ৮০ লক্ষ উপকারভোগীর নিকট প্রায় ১৩ হাজার ৯৩৯ টন পণ্য বিক্রয় করা হবে। যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন।
টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, সরকারি নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।
পাশাপাশি ঈদুল আজহা উপলক্ষে প্রতিদিন ঢাকা মহানগরীতে ৫০টি (ঢাকা জেলাসহ), চট্টগ্রাম মহানগরীতে ২০টি (চট্টগ্রাম জেলাসহ), অন্য ৬টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি (ছাপ্পান্ন) জেলায় ১০টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে।
ভোক্তা প্রতি সর্বোচ্চ বিক্রয় (পরিমাণ) ভোজ্য তেল ২ লিটার প্রতি লিটার ১৩০ টাকা, চিনি ১ কেজি ৮০ টাকা, মসুর ডাল ২ কেজি প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হবে।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে প্রায় ৭২ লক্ষ টিসিবির কার্ডধারী পরিবারের নিকট মে মাসে প্রায় ৩৪ হাজার ৮৪৮ টন পণ্য বিক্রয় করা হবে। প্রতি মাসে ভর্তুকি মূল্যে বিক্রয়কৃত ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমান ও মূল্য অপরিবর্তিত থাকবে।


