সাভারে নিজ বাসা থেকে শীর্ষ সন্ত্রাসী আসামী বাবুল ওরফে কানা বাবুলের( ৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত ১২টার দিকে পুলিশ দিলকুশাবাগে তার বাসা থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
জানা যায়, তার বিরুদ্ধে সাভার বাসস্ট্যান্ডের অভিজাত সুপার মার্কেট রাজ্জাক প্লাজার নাইট গার্ডকে হত্যা, ডাকাতি, ছিনতাই, মাদকসহ ডজন মামলা রয়েছে। সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, কানা বাবুলের বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। বুধবার সন্ধ্যায় নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
রাত ১০টায় প্রতিবেশীরা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে সাভার মডেল থানার এস আই আসিস রাত ১২টায় তার লাশ উদ্ধার করে।


