সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও মেহের আফরোজ চুমকী, সাবেক সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, শেখ হেলাল উদ্দীন এবং মো. জাকির হোসেনসহ ১০ জনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।
রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক ১০টি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের আদেশে যাদের আয়কর নথি জব্দ করা হয়েছে, তাদের মধ্যে আরও রয়েছেন নসরুল হামিদ বিপুর স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদ, শেখ হেলাল উদ্দীনের স্ত্রী শেখ রুপা চৌধুরী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুর এবং সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর স্ত্রী জিনাত পারভীন চৌধুরী।
দুদকের আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অনুসন্ধানে প্রাথমিকভাবে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধের তথ্য পাওয়া গেছে।
আবেদনে আরও বলা হয়, সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন।
পরে আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেয়।


