নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন।
গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় নিকেতনের একটি গাড়ির শোরুম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মুক্তির বিরুদ্ধে নড়াইল এবং ঢাকায় একাধিক মামলা রয়েছে, যা বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার ঘটনা সংক্রান্ত। তবে পুলিশ গ্রেপ্তারের কারণ হিসেবে নির্দিষ্ট কোনো মামলা উল্লেখ করেনি।
২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কবিরুল হক মুক্তি ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
২০২৪ সালের আগস্টে নড়াগাতী থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন নড়াগাতী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশ্বাস নওশের আলী।
মামলার এজহারে বলা হয়, সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক অন্যান্য আসামি ১৫ আগস্ট সন্ধ্যার দিকে বিভিন্ন দেশীয় অস্ত্র, শটগান, বন্দুক, হাতবোমা নিয়ে কালিয়া উপজেলার বাগুডাঙ্গা এলাকায় বেআইনিভাবে সমাবেশ করেন।
এজহারে আরও বলা হয় আওয়ামী লীগ সরকারের বিরোধী বিএনপি নেতাকর্মীদের মিছিলে বিশৃঙ্খলার পাশাপাশি জনমনে ভয় ও ত্রাস সৃষ্টি করে এলাকার মানুষের মালামাল লুটপাটের চেষ্টা করেন আসামিরা। এমনকি অনেককে খুন–জখমের হুমকিও দেওয়া হয়। হাতবোমার বিস্ফোরণের সঙ্গে শটগান ও বন্দুকের থেকে গুলি ছুড়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করেন তারা। এতে ভয়ে ওই এলাকা ছেড়ে আশপাশের গ্রামে আশ্রয় নেন বিএনপির নেতাকর্মীরা।


