রাজধানীর মিরপুর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য মোছা. আশিকা সুলতানাকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
শুক্রবার বিকালে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. মঞ্জরুল ইসলামের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আল মামুন হোসাইন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে শুনানি করেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম রিমান্ডের বিরোধিতা করে শুনানি করেন।
এর আগে গতকাল রাত ১ টা ৫০ মিনিটে মিরপুর ১১ থেকে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ জুন মিরপুর ১ এর এপেক্স শোরুম সংলগ্ন বাটা শোরুমের সামনের রাস্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪০-৫০ জন সরকারবিরোধী মিছিল করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বিভিন্ন ব্যানার-ফেস্টুন রেখে পালিয়ে যান। পরে ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা ওই মিছিল করেছে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। সেই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করে পুলিশ।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া যায়, মিছিলের ঘটনার সঙ্গে আসামি আশিকা সুলতানা জড়িত আছেন। তিনি আওয়ামী লীগের একজন অর্থদাতা বলেও পুলিশ দাবি করে। সুতরাং মিছিলের মূল রহস্য উদ্ঘাটন, পলাতকদের গ্রেপ্তার ও আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিলের নেতৃত্বদানকারীদের রহস্য বের করতে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।


