সাতক্ষীরা শহরের রসুলপুর মেহেদীবাগ এলাকার একটি বাড়ির তালা ভেঙে নগদ নয় লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করা হয়েছে।
বুধবার রাতে ‘আরটিভির’ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে তিনি বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে যান। রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরে দেখতে পান প্রধান গেট ও সিঁড়ির ক্লাপসেবল গেট খোলা রয়েছে। এ সময় দোতলায় গেলে দেখা যায়, ঘরের দুটি তালা ভেঙে সদ্য ট্রাক বিক্রি করা নগদ নয় লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় এক কোটি টাকার সম্পদ লুট করা হয়েছে।

বাড়িটির কাছেই সাতক্ষীরা পুলিশ লাইনের অবস্থান।
রামকৃষ্ণ আরও বলেন, `রাতেই ঘটনাটি সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে জানানো হয়। পরে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হকসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’
ওসি শামিনুল হক জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, এ ঘটনার মাত্র একদিন আগে শহরের নারিকলেতলা পূজামন্ডপের পাশের এক স্বর্ণকারের বাড়ি থেকে প্রায় এক কোটি ২০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটে।


