সাতক্ষীরার কলারোয়ায় ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মিলন হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তার কাছ থেকে ৫২ জন দরিদ্র নারীর ছবি ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি উদ্ধার করা হয়।
শনিবার সকালে উপজেলার কেরালকাতা গ্রামের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক মিলন হোসেন ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার সরকারি কোনো নির্দেশনা না থাকলেও মিলন হোসেন সেটি করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন হতদরিদ্র নারীর কাছ থেকে ছবি ও এনআইডির ফটোকপি সংগ্রহ করছিলেন। অভিযোগ রয়েছে, তিনি নগদ অর্থের বিনিময়ে এসব কাগজপত্র নেন।
কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, বিষয়টি জানার পর শনিবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে মিলনকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করলেও পরে চাপের মুখে ঘটনা স্বীকার করেন এবং তার ঘর থেকে ৫২ জন নারীর ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি বের করে দেন।
উদ্ধারকালে উপস্থিত হেলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার মুনসুর আলী বলেন, ‘আমরা তাকে পুলিশে সোপর্দ করতে চেয়েছিলাম। তবে স্থানীয় মানুষের অনুরোধে তার পরিবারের জিম্মায় রাখা হয়েছে।’
এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
পাশের কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নরুল ইসলাম জানান, গরিব নারীদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নিয়ে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে সম্প্রতি এসব কাগজপত্র সংগ্রহ করা হয়।
এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বলেন, ‘মিলন হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


