মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে শিশুসহ একই পরিবারের চার জনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার দুপুরে সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫ নং এলাকায় চারজনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
ফেরত আসা চরজন হলেন- চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার ধরড়া গ্রামের রতন হোসেন ও তার স্ত্রী রাবেয়া আক্তার, শিশু কন্যা হাবিবা খাতুন এবং এক মাস বয়সী ছেলে ইমাম হোসাইন।
রতন হোসেন জানান, ২০২২ সালের অক্টোবর মাসে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে যান তিনি। সেখানে রাজমিস্ত্রির জোগালের কাজ করতেন। কয়েকদিন আগে ভারতীয় পুলিশ আটক করে তাদেরকে বিএসএফর কাছে হস্তান্তর করে।
বিজিবি মুজিবনগরের কোম্পানী কমান্ডার সুবেদার আবুল বাশার জানান, ভারতের হৃদয়পুর বিএসএফ ক্যাম্প ইন্সপেক্টর ধর্মেন্দ্র কুমার পান্ডের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চার বাংলাদেশিকে ক্যাম্পে নিয়ে আসা হয়। পুলিশের মাধ্যমে তাদের নাম ঠিকানা নিশ্চিত হয়ে পরিবারের কাছে ফেরত পাঠানো হবে।


