সরকার পরিবর্তনের পরেও দেশের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা বহাল থাকবে বলে মনে করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তার বিশ্বাস, এ দুটি মৌলিক বিষয় সুরক্ষিত ও অপরিবর্তনীয় থাকবে।
বুধবার রাজধানীর একটি হোটেল মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, দুটি বিষয় কখনোই হারিয়ে যাবে না। প্রথমত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা ইতোমধ্যে সুপ্রিম কোর্টের রায় দ্বারা সম্পূর্ণভাবে সুরক্ষিত। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। সুপ্রিম কোর্ট নিজেই এখন এই আইনের রক্ষক। মানবাধিকার অগ্রগতির জন্য এ দুটি বিষয় মৌলিক গ্যারান্টি।
তিনি বলেন, ‘আমাদের অন্য সংস্কারগুলো হলো-জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ও গুম প্রতিরোধ অধ্যাদেশ শক্তিশালী ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।’ সরকার থেকে বিদায় নেওয়ার পর এসব আইন রক্ষায় নাগরিক সমাজের পাশে থাকবেন বলেও জানান তিনি।
আসিফ নজরুল অর্জিত সংস্কারগুলো রক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সবাই মিলে এক সঙ্গে কাজ করলে আমরা আরও উন্নত বাংলাদেশ গড়তে পারব।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গৃহায়ণ ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী, ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধি স্টেফান লিলার, বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি আলবার্টো জিওভানেত্তি প্রমুখ।


