বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ষড়যন্ত্র থেমে নেই, জাতীয় নির্বাচন অতো সহজ হবে না।’
শনিবার সন্ধ্যায় ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘গত কয়েকদিনের ঘটনা, ঢাকার ঘটনা এবং চট্টগ্রামে আমাদের প্রার্থীর ওপর গুলির ঘটনা প্রমাণ করছে, আমি যা বলছিলাম তা সত্য হচ্ছে। এ কারণে নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে আনতে হবে।
তিনি বলেন, ‘নিজেরা ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘এখন আর ঘরে বসে থাকার সময় নেই। এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগী হচ্ছে জনগণ। জনগণকে সঙ্গে নিয়ে এই যুদ্ধে আমাদের জিততে হবে। এর কোনো বিকল্প নেই। আসুন, তিনটি বিষয়ে সকলের সহযোগিতা চাই। দেখা হবে যুদ্ধের মাঠে, দেখা হবে সংগ্রামের মাঠে, দেখা হবে ভোটের ময়দানে।’
তারেক রহমান বলেন, ‘প্রতিবার দেশকে ধ্বংসের হাত থেকে বিএনপি উদ্ধার করেছে। প্রতিবার এই দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছে, প্রতিবার আপনারা কখনো জিয়াউর রহমানের নেতৃত্বে, কখনো খালেদা জিয়ার নেতৃত্বে, ধীরে ধীরে সেই খাদের কিনারা থেকে দেশকে বের করে এনেছেন।’
তিনি বলেন, ‘দেশকে তখনই খাদের কিনারা থেকে নিয়ে আসতে পারব, যেসব ষড়যন্ত্র এখন চলছে সেগুলো মোকাবিলা করতে পারলে। বিভিন্ন সূত্রের খবর বলছে, এই ষড়যন্ত্রগুলো এখানেই থেমে থাকবে না, আরও খারাপও হতে পারে। তবে আমাদের ভয় পেলে চলবে না, আতঙ্কগ্রস্ত হলে চলবে না। মানুষকে সাহস দিতে হবে, নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের সাধারণ গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে।’
তারেক রহমান বলেন, ‘আমরা যত ঐক্যবদ্ধ হবো, আমরা যত সামনে এগিয়ে আসব, যেকোনো মূল্যে নির্বাচন হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে।’
চট্টগ্রাম ও ঢাকায় দুই প্রার্থীর ওপর গুলির ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘চট্টগ্রামে একটি ঘটনা ঘটেছে, ঢাকায় একটি ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো দিয়ে কেউ কেউ ফায়দা লুটার চেষ্টা করছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।’
তারেক রহমান বলেন, ‘আমি কী পেলাম, এটা ভাবা বাদ দিতে হবে। আমি দেশ ও জাতির জন্য কতটুকু করতে পারলাম, দেশকে কী দিলাম এবং জাতিকে কী দিলাম–এই প্রশ্নটাই মুখ্য হওয়া উচিত। আমাদের লক্ষ্য থাকবে দেশে শান্তি, শৃঙ্খলা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা।’
এ ছাড়া অনুষ্ঠানে খাল খনন, স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, শিক্ষা ব্যবস্থা, বেকার সমস্যা, তথ্যপ্রযুক্তি খাত, বায়ু ও পানি দূষণ রোধসহ বিভিন্ন বিষয়ে বিএনপির প্রণীত পরিকল্পনা এবং সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন তারেক রহমান।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ধারাবাহিক এই কর্মশালার সপ্তম দিনে বিএনপির মাঠপর্যায়ের নেতারা অংশ নেন।


