শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গার ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।
সোমবারের সংঘর্ষের পর কারাগার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নেগোম্বো কারাগারের ভেতরে সশস্ত্র পুলিশ ও কমান্ডো মোতায়েন না করা হলেও কারাগারের চারপাশে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছে। কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বিচারমন্ত্রী হর্ষানা নানায়াক্কারা মঙ্গলবার পার্লামেন্টে জানান, সরকার গঠিত একটি তদন্ত কমিশনের পাশাপাশি ফৌজদারি তদন্তও শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা অন্তত ২৭। এর মধ্যে রাতে আরও একজন বন্দীর মৃত্যু হয়েছে।
এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, সোমবার দাঙ্গা থামানোর চেষ্টা করতে গিয়ে সাতজন কারারক্ষী নিহত হন।
আরও পড়ুন: শ্রীলঙ্কার কারাগারে সংঘর্ষে নিহত ২৬, আহত শতাধিক
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রাজধানীর উত্তরে অবস্থিত ওই কারাগারে প্রতিদ্বন্দ্বী দুটি চক্রের সদস্যদের মধ্যে প্রথম সংঘর্ষ শুরু হয়। পরে তারা কারারক্ষীদের পরাস্ত করে তাদের অস্ত্র ছিনিয়ে নেয় এবং গুলি চালায়।
বিচারমন্ত্রী জানান, সংঘর্ষের সময় বন্দীরা একটি সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলে।
চিকিৎসকরা জানিয়েছেন, নেগোম্বো হাসপাতালে এখনো ৯৭ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২৩ জন কারারক্ষী। তারা গুলিবিদ্ধ, কাটা জখম ও গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এ ছাড়া আরও ১৯ জন বন্দী কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


