দেশ-বিদেশে কর্মরত সকল শ্রমজীবী মানুষের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেট স্কয়ারে আট ঘণ্টা শ্রমের দাবিতে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বিবৃতিতে নাহিদ ইসলাম উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে মে দিবস পালন করা হলেও তা মূলত আনুষ্ঠানিকতা, ব্যানার ও আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ফলে সাধারণ শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে অত্যন্ত সামান্য।
তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী শাসনামলে ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনে নামা শ্রমিকদের ওপর নজিরবিহীন দমন-পীড়ন চালানো হয়েছে এবং শ্রমিক নেতাদের বারবার রাতের অন্ধকারে তুলে নেওয়া হয়েছে। এমনকি দীর্ঘ ১৩ বছর পার হয়ে গেলেও রানা প্লাজা ট্র্যাজিডির বিচার আজও সম্পন্ন হয়নি।
নাহিদ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এদেশের শ্রমজীবী মানুষ রক্ত দিয়ে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও এখনো বৈষম্যের অবসান ঘটেনি এবং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা সম্ভব হয়নি।
আন্তর্জাতিক শ্রমিক দিবসে একটি শ্রমিক-বান্ধব বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘যেখানে শ্রমজীবী মানুষের মর্যাদা, অধিকার ও প্রাপ্য পাওনা নিশ্চিত থাকবে, তেমন একটি রাষ্ট্র গঠনই আমাদের লক্ষ্য হওয়া উচিত।’


