শেরপুরে নিখোঁজের একদিন পর এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে সদর উপজেলার সাপমারী এলাকায় রাস্তার পাশের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কাজল মিয়া (৪২) সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন কাজল মিয়া। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে স্থানীয়রা সাপমারী এলাকার ধানখেতে কাদার নিচে আংশিক পুঁতে রাখা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ধারণা করা হচ্ছে, রাতের কোনো সময় অটোরিকশাটি ছিনতাই করে তাকে হত্যার পর মাটিতে পুঁতে রাখা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


