সব প্রস্তুতি সম্পন্ন ও নতুন কমিটি গঠন হয়েছে। শিগগিরই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শুক্রবার সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই জাদুঘরের কমিটি কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে সংসদে সিদ্ধান্তও হয়েছে। দ্রুত সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্বোধনের তারিখ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় জানানো হবে।
বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, আগের সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। গত ১৮ থেকে ২০ বছরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন, বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের মতামতের মূল্যায়ন ছিল না। নির্বাচনের নামে প্রহসন চলেছে। লক্ষ কোটি টাকা লুটপাটের মাধ্যমে ব্যাংক ও বীমা খাতকে ধ্বংস করা হয়েছে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
পরিদর্শনকালে তিনি ময়নামতি জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শালবন বিহার ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম ও কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


