ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
শনিবার দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক ঘণ্টার জরুরি বৈঠক করেন তিনি।
এরপর সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কার্গো সেকশনের অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুপুরের দিকে বিমানবন্দর পরিদর্শনে যান মন্ত্রী।
সেখানে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ ও সার্বিক পরিস্থিতি সশরীরে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে বিমানবন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।
বৈঠক শেষ হওয়ার পর সেখানে উপস্থিত সাংবাদিকরা অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির বিবরণ এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে মন্ত্রীর বক্তব্যের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু বৈঠক কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে, তাদের সম্পূর্ণ এড়িয়ে দ্রুত গতিতে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন মন্ত্রী।
এর আগে শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের ৯ নম্বর ফটকের কাছে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।


