ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। প্রায় ১২ কোটি টাকা দামের এসব বার সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে কাতারের দোহা থেকে আসা ফ্লাইট নম্বর বিজি ৩২৬ বিমানের কার্গো অংশে অভিযান চালানো হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৭০টি স্বর্ণের বার উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউস (এয়ারপোর্ট ইউনিট)।
কাস্টমসের যুগ্ম কমিশনার নাজমুন নাহার কায়সার ও সহকারী কমিশনার এস এম সরাফত হোসেন এই অভিযানের নেতৃত্ব দেন।
কাস্টমস সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানটির সামনের কার্গো হোল্ডে কালো স্কচটেপ দিয়ে মুড়িয়ে কাপড়ের ভেতর স্বর্ণের বারগুলো লুকানো ছিল।
ঢাকা কাস্টমসের কমিশনার মুহম্মদ জাকির হোসেন বলেন, ‘বাংলাদেশ কাস্টমস দেশিয় অর্থনীতিকে সুরক্ষিত রাখতে বৈদেশিক মুদ্রা পাচার ও চোরাচালানরোধে সবসময় সচেষ্ট। ভবিষ্যতেও কাস্টমস দক্ষতার সঙ্গে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’
উদ্ধার করা স্বর্ণ যথাযথ প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।


