হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক অ্যাভিয়েশন সেবা প্রতিষ্ঠান সুইসপোর্ট।
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েরমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ আগ্রহের কথা জানান।
মঙ্গলবার সকাল ১০টা ৩০টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। সুইজারল্যান্ড বিমান খাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
এ ছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে সুইস প্রতিষ্ঠান ‘সুইসপোর্ট’-এর অংশগ্রহণের আগ্রহের বিষয়টিও তুলে ধরেন রাষ্ট্রদূত।
বিমানমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী তাদের পক্ষ থেকে প্রস্তাব আহ্বান করেন এবং বিবেচনার আশ্বাস দেন।


