শপথে গড়িমসি করা হচ্ছে: ইশরাক

শপথে গড়িমসি করা হচ্ছে: ইশরাক
ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণে সরকার ইচ্ছাকৃত বিলম্ব করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন।

শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ইশরাক বলেন, ‘নির্বাচন ট্রাইবুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও শপথ অনুষ্ঠানে গড়িমসি করা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হচ্ছে। আমি শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি।’

‘নির্বাচন ট্রাইব্যুনালের রায় অনুযায়ী নির্বাচন কমিশন সম্পূর্ণ আইনি পদক্ষেপ নিয়েই গেজেট প্রকাশ করেছে। কিন্তু গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও এখন পর্যন্ত শপথ গ্রহণের পদক্ষেপ নেওয়া হয়নি। যেটা সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগের এখতিয়ারে পড়ে। শপথ গ্রহণের দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি।’

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আইনের স্পষ্ট বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আমি বাংলাদেশ নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন অবিলম্বে আমাকে নির্বাচিত মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা করেন।’

আরও পড়ুন

চলমান আন্দোলনের বিষয়ে ইশরাক বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কাউকে আন্দোলন করতে বলিনি। দলীয়ভাবে কোনো কর্মসূচিও দেওয়া হয়নি। জনগণ স্বত:স্ফূর্তভাবে আন্দোলন করছে, প্রতিবাদ জানাচ্ছে।’

তাকে শপথগ্রহণে বাধা দিয়ে নগরভবনকেন্দ্রিক লুটপাটের ধারা অব্যাহত রাখার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন ইশরাক হোসেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ছিলেন প্রকৌশলী ইশরাক হোসেন। সেই নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে নির্বাচন ট্রাইবুনালে মামলা করেন তিনি।

নির্বাচন ট্রাইব্যুনাল ২০২৪ সালের ২৭ মার্চ এক রায়ে ২০২০ সালের ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার গেজেটটি বাতিল এবং ইশরাক হোসেনকে বৈধভাবে নির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা করে। এই রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন ২০২৪ সালের ২৭ এপ্রিল নতুন গেজেট প্রকাশ করে, যেখানে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad