বান্দরবানের লামায় অবৈধ ইটভাটায় অভিযান চালানোর সময় বাধা দেওয়ার অভিযানে বাধা দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী এরফানুল হকসহ (২৫) ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার রাতে মামলাটি দায়ের করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের বান্দরবানের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক রেজাউল করীম চৌধুরী জানান, রোববার লামা উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানুল ইসলাম লামা উপজেলার ফাইতং এলাকার অবৈধ ইটভাটাগুলোতে অভিযান চালাতে যায়। এ সময় ইটভাটার লোকজন কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে বাধা দেয়। পরে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন বাদী হয়ে বাধাদানকারীদের বিরুদ্ধে পরিবেশ আইনে লামা থানায় মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- মিজবাহ উদ্দিন মিন্টু (৪৮), মোহাম্মদ মহিউদ্দিন (৪০), এবি ওয়াহিদ (৫০), শওকত ওসমান (৪০), মুজিবুল হক চৌধুরী (৫০), খায়ের উদ্দিন মাষ্টার (৫০), মিজানুল হক, আবদুল জলিল, আলম মেম্বার ও জহির।
মামলাটি আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তারের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।


