আগামী রোববার বিকালের মধ্যেই শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট পুলিশ আদালতে দাখিল করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লবীতে নিহত রামিসার বাসায় গিয়ে তার বাবা-মাকে সান্ত্বনা দেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বিভাগ সততার সঙ্গে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আসামি ইতোমধ্যে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এখন চার্জশিট দেওয়ার পালা। তবে এর আগে ডিএনএ টেস্ট করা প্রয়োজন।
আদালতের অনুমতি নিয়ে সিআইডি ল্যাবে ডিএনএ টেস্টের কাজ চলছে। যেহেতু এটি একটি বৈজ্ঞানিক বিষয় এবং এতে ৪৮ ঘণ্টা সময় লাগে। তাই আগামী রোববার দুপুরের মধ্যে এই টেস্টের কাজ শেষ হবে। এরপরই রোববার বিকালের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা সম্ভব হবে, যোগ করেন তিনি।
তিনি আরও জানান, অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্য সম্পন্ন করে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে।
এর আগে রাত ৯টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রী পল্লবীর বাসায় যান। তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম মিল্টন।
প্রধানমন্ত্রী রামিসার বাবা-মা ও বড় বোনের সঙ্গে দেখা করেন এবং এই নির্মম হত্যাকাণ্ডে শোকে কাতর পরিবারটিকে সান্ত্বনা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, রামিসার বড় বোনের পড়াশোনার খরচ ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় তিনি নিজে বহন করবেন। এ ছাড়া পরিবারটি একটি নিরাপদ আশ্রয়স্থল চেয়েছে, প্রধানমন্ত্রী খুব স্বল্প সময়ের মধ্যে সেটার ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দিয়েছেন।
আইনি সংস্কারের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, শিশু ধর্ষণ ও হত্যা বা যেকোনো শিশু ধর্ষণের মতো ঘৃণ্যতম অপরাধের ক্ষেত্রে যাতে খুব দ্রুত চার্জশিট দেওয়া এবং সংক্ষিপ্ত সময়ে বিচার সম্পন্ন করা যায়, সেজন্য প্রয়োজনে আইনে পরিবর্তন আনা হবে।
এ বিষয়ে আইনমন্ত্রী কথা দিয়েছেন এবং মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। দেশে যেন এই ধরনের ঘৃণ্য অপরাধের পুনরাবৃত্তি না হয়, সেজন্য প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে।


