রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম লামিসা নওরিন পুষ্পিতা।
বুধবার বিকালে রাজশাহী নগরীর বিনোদপুর এলাকার ছাত্রীনিবাস থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লামিসা নওরিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মুহাম্মদ কুদরৎ উল্লাহ বিপ্লব। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ওই শিক্ষার্থীকে স্থানীয় লোকজন ঝুলন্ত অবস্থায় পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান জানান, ওই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হবে।


