রাজশাহীতে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকটি জব্দ করে আগুন ধরিয়ে দেয়।
বুধবার দুপুর দেড়টার দিকে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর কলা হাট এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল কাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কাউছার ইমাম (৩৫) ও তার ৬ বছরের শিশু সন্তান রেদোয়ান হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা-ছেলে মোটরসাইকেলে বানেশ্বর থেকে চারঘাটে নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকটি জব্দ করে আগুন ধরিয়ে দেয়।
ওসি মোজাম্মেল কাজী জানান, সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


