রাজশাহীতে চোর সন্দেহে রাকিবুল হাসান রকি (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এলাকার চারু মামার ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাকিবুল নগরীর হেতেমখাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তার তিনজন রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী। তারা হলেন আতিক, সৈয়ব ও ফাহিম।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চুরির সন্দেহে রাকিবুলকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে স্ট্যাম্প দিয়ে মারধর করা হয়। এতে তার দুই হাত, দুই পা ও পিঠে আঘাত লাগে।
গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাকিবুলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের বোন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। ওই মামলায় শুক্রবার সকালে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।


