প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য সুবির কুমার চাকমা এবং সাবেক নির্বাহী প্রকৌশলীসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত।
রাঙামাটি জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সোমবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক এই পরোয়ানা জারির আদেশ দেন।
২০২৩ সালের ৮ জুন দুদকের রাঙামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন মামলাটি দায়ের করেন।
অভিযোগ অনুযায়ী, ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত রাঙামাটি বরকল উপজেলায় পার্বত্য জেলা পরিষদ থেকে বিভিন্ন উন্নয়ন কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ওই প্রকল্পগুলোর কাজ দৃশ্যমান না হওয়ায় অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে।
গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশপ্রাপ্ত আসামিরা হলেন-রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য সুবির কুমার চাকমা, সাবেক নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, সাবেক নির্বাহী প্রকৌশলী কাজী আসাদ সামাদ, সহকারী প্রকৌশলী জ্যোতির্ময় চাকমা, উপসহকারী প্রকৌশলী রিগ্যান চাকমা, ঠিকাদার চিং হেং রাখাইন, ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশীদ, মিলন চাকমা ও অমলেন্দু চাকমা।


