রাঙামাটির মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র এবং বিশেষ করে ল্যান্ডিং স্টেশন আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
রোববার দুপুরে রাঙ্গামাটির মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অবতরণ ঘাট, মৎস্য ল্যান্ডিং স্টেশন, বরফ কলসহ বিএফডিসির বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
এ সময় রাঙামাটি বিএফডিসি’র অবকাঠামোর বর্তমান বেহাল অবস্থা দেখে হতাশা প্রকাশ করে তিনি বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে মৎস্য সম্পদ বাংলাদেশে অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও বিএফডিসির এ কেন্দ্র এখনো জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
মৎস্য উপদেষ্টা বলেন, ‘রাঙামাটির বিএফডিসি কেন্দ্রটি বহু বছর ধরে মাছ আহরণ, সংরক্ষণ ও বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি এখান থেকেই প্রসেস করা মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।’
বিএফডিসি’তে বিনিয়োগ করা ছাড়া বিকল্প নেই জানিয়ে ফরিদা আখতার বলেন, ‘এ কেন্দ্রটি উন্নত হলে শুধু রাঙ্গামাটির নয় বরং পুরো দেশের মৎস্য সম্পদ উন্নয়নের কার্যক্রম আরও গতিশীল হবে।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার জন্য বিদেশি চাপের প্রসঙ্গে জানতে চাইলে মৎস্য উপদেষ্টা এসব তথ্যকে ভুয়া বলে মন্তব্য করেন। এ সময় নির্বাচন পর্যন্ত উপদেষ্টা পরিষদ কাজ করে যাবে বলেও জানান তিনি।
বিকালে রাঙামাটি জেলা প্রশাসকের বাংলো সংলগ্ন অভয়াশ্রম এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) অফিস সংলগ্ন অভয়াশ্রম পরিদর্শনকালে অভয়াশ্রমের সার্বিক অবস্থা, সংরক্ষিত এলাকার মাছের প্রজনন পরিস্থিতি ও স্থানীয় জেলেদের অংশগ্রহণ বিষয়ে খোঁজখবর নেন ফরিদা আখতার।
বিএফডিসি পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফারাহ শাম্মী, বিএফডিসি রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিমসহ স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।


