পিরোজপুরের নেছারাবাদে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী রাসেল হাওলাদার (৩৫) ও তার স্ত্রী নাসরীন আক্তারকে (৩০) আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, সেনা ক্যাম্পের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত ৩টার দিকে নেছারাবাদ উপজেলায় ওই দম্পতির বাসায় অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৩০ পিস ইয়াবা, ১২টি মোবাইল ফোন, পাঁচটি সিম কার্ড, দুইটি সিসি ক্যামেরা, একটি মেমোরি কার্ড, ছয়টি গ্রাইন্ডার মেশিন, একটি জঙ্গল নাইফসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযান শেষে আটক দম্পতিকে উদ্ধার করা মাদক ও অস্ত্রসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানায়, আটক রাসেলের বাড়ি স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জগৎপট্টি গ্রামে। দীর্ঘদিন ধরে রাসেল ও নাসরীন দম্পতি ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
নেছারাবাদ সেনা ক্যাম্পের অফিসার আল আরাফ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়।


