দাবি আদায়ে এবার নতুন কর্মসূচি দিয়েছে বাংলাদেশে জামায়াতে ইসলামী। তার অংশ হিসেবে আগামী মঙ্গলবার যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন করবেন দলটির নেতাকর্মীরা।
রোববার রাতে এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।
তৃতীয় দফার এই কর্মসূচিতে রোববার ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে। পরদিন ১৫ অক্টোবর দেশের সব জেলা শহরে মানববন্ধনের কর্মসূচি পালন করবে জামায়াত।
ঢাকার লম্বা মানববন্ধনের আয়োজন করবে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াত যৌথভাবে।
দলটির ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে— আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনে অনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা, বিগত সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার করা এবং স্বৈরাচারি দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এর আগে পাঁচ দফা বাস্তবায়নে দ্বিতীয় ধাপে কর্মসূচি পালন করেছে জামায়াতসহ সাতটি দল।


