চলচ্চিত্রপাড়ায় জোর গুঞ্জন রয়েছে ২০২০ সালে ৩১ জুলাই কক্সবাজারে নিহত মেজর সিনহার চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। সাকিব ফাহাদ পরিচালিত ছবিটির আগামী মাস থেকে শুটিং শুরু হবে। তবে তিনি মেজর সিনহা বা সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় না করলেও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে।
গল্পে থাকবে সত্য ঘটনা এবং নাটকীয়তার মিশ্রণ, যা তুলে ধরবে তার চাকরি জীবনের নানান প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক পরিস্থিতি। সঙ্গে জড়িয়ে থাকা উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য। এই ছবির মাধ্যমে গোয়েন্দা সংস্থার নাম ও অবদানও উঠে আসবে বড় পর্দায়। নতুন এই প্রকল্পের জন্য ইতোমধ্যেই সব ধরনের সরকারি অনুমতি নেওয়া হয়েছে। ছবিতে বলিউড ও দক্ষিণ ভারতীয় টেকনিক্যাল ক্রু যুক্ত থাকবেন।
সিনেমাটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে। শাকিব খানের বিপরীতে ছোটপর্দার এক জনপ্রিয় অভিনেত্রীকে নেওয়া হবে, যদিও এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি।
বহু নামী কোম্পানির বিজ্ঞাপন নির্মাণ করে সুনাম অর্জন করেছেন সাকিব ফাহাদ। এরপর একাধিক টিভি নাটকও নির্মাণ করেছেন। শাকিবকে নিয়ে এটি হতে যাচ্ছে তার প্রথম ছবি।
পরিচালক সাকিব ফাহাদ একাধিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে হলেও কাহিনিতে কিছুটা নাটকীয়তা থাকবে। দেশপ্রেম, অ্যাকশন এবং মানবিক আবেগ সবমিলিয়ে এটি হবে শক্তিশালী গল্পের ছবি।
জানা গেছে, আগামী ডিসেম্বরে ছবিটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্যে একযোগে মুক্তি দেয়া হবে।


