কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সহকর্মী, নির্মাতা ও শুভানুধ্যায়ীরা স্মরণ করছেন তার প্রাণবন্ত উপস্থিতি ও কাজকে। তাদেরই একজন উপস্থাপক রুম্মান রশীদ খান।
কারিনার মৃত্যুর পর একটি সাদাকালো ছবি প্রকাশ করেন রুম্মান। ছবিটিতে রাস্তার দিকে তাকিয়ে মৃদু হাসিতে দেখা যায় কারিনাকে। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘কারিনার এই ছবিটি তুলে যখন সাদা-কালো এফেক্ট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম, তখন কারিনা বলেছিল, ‘ওয়াও! কী জোস! আমাকে তো নায়িকা নায়িকা লাগছে। আমি মারা যাওয়ার পর এই ছবিটা দিয়েন!’
লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল কারিনা কায়সারকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনঘনিষ্ঠ ও প্রাণবন্ত কনটেন্ট নির্মাণের মাধ্যমে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন কারিনা। পরে নাটক ও ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দেন। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬।
কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার সহকর্মী, নির্মাতা ও ভক্তরা।


