মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আজম খান।
তাকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের পর এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে।
তবে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়।
বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে আহমেদ আজম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরতিতে সংসদ ভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রজ্ঞাপনে বলা হয়, আজম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পাশাপাশি দায়িত্ব বাড়ানো হয়েছে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি তিনি এখন থেকে ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলাবেন।


