জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের পক্ষে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। সেইসঙ্গে আসামিপক্ষের শুনানির জন্য ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত।
অভিযোগ গঠন শুনানিতে হাজির করতে মামলার চার আসামির মধ্যে গ্রেপ্তার থাকা দুই সেনা কর্মকর্তাকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়। তারা ঢাকা সেনানিবাসে অবস্থিত বিশেষ কারাগারে গ্রেপ্তার রয়েছেন।
ওই দুই সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলম। ঘটনার সময় তারা বিজিবিতে দায়িত্বরত ছিলেন। এছাড়া বাকি দুই আসামি পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও সাবেক ওসি মো. মশিউর রহমান পলাতক।
দুই সেনা কর্মকর্তার আইনজীবী মাসুদ সালাউদ্দিন এই মামলার শুনানি ভার্চুয়ালি গ্রহণের আবেদন করেছিলেন। এ বিষয়েও বৃহস্পতিবার শুনানি হয়।
গত বছরের ১৮ ও ১৯ জুলাই ঢাকার রামপুরায় অন্তত ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
এর আগে ১৩ সেনা কর্মকর্তার সঙ্গে গত ২২ অক্টোবরও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেদিন ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
পরে ঢাকা ক্যান্টনমেন্টে সরকার ঘোষিত বিশেষ কারাগারে তাদের রাখা হয়।


