মাদারীপুরের শিবচরে কাভার্ড ভ্যান চাপায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শিবচর-কুতুবপুর আঞ্চলিক সড়কের মোড়লকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বীথি আক্তার নীলপরি (৩৫) ও শিশু আয়েশা (৮)। নিহত বীথি মাদবরকান্দি এলাকার খাইরুল মাদবরের স্ত্রী। নিহত আয়েশা একই এলাকার হারুন মাদবরের মেয়ে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিবচর উপজেলার দ্বিতীয় খণ্ড এলাকার নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে তারা পার্শ্ববর্তী কুতুবপুর এলাকায় একটি বিয়েবাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে মোড়লকান্দি এলাকায় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তাদের ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বীথি আক্তার ও তার দেবরের মেয়ে আয়েশার মৃত্যু হয়।
আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


