লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক ও চুরির মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। শুক্রবার মধ্যরাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত হাতীবান্ধা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রুহুল আমিনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত কর্মকর্তা হলেন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) লতিফ।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গেন্দুকুড়ি এলাকায় চুরি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদকে গ্রেপ্তার করতে অভিযানে যান ওই দুই পুলিশ কর্মকর্তা। এ সময় আসামি ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। হামলায় এসআই রুহুল আমিন মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এসআই রুহুল আমিনের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, পুলিশের ওপর হামলার এ ঘটনায় থানায় ইতোমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত রাশেদ ও তার সহযোগীদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।


