চাঁদাবাজির একটি মামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর শীর্ষ নেতা মাইকেল চাকমার আট বছর সশ্রম কারাদণ্ডের ক্ষোভ জানিয়েছে ইউপিডিএফ।
বুধবার আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন রাঙামাটির অতিরিক্ত দায়রা জজ তাওহিদুল হক। একই মামলায় সুমন চাকমা নামে আরেকজনকে একই সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
শুক্রবার এক বিবৃতিতে কারাদণ্ডের তীব্র ক্ষোভ জানিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর মুখপাত্র অংগ্য মারমা।
বিবৃতিতে তিনি বলেন, ‘অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে সাক্ষ্যপ্রমাণ ছাড়া তার বিরুদ্ধে রায় দেওয়ার ঘটনা বিশ্বে নজীরবিহীন। অন্তর্বর্তী সরকারের আমলে বিচারের নামে এটি প্রহসন ছাড়া আর কিছুই নয়। এটি মেনে নেওয়া যায় না। মাইকেল চাকমার বিরুদ্ধে তড়িঘড়ি করে “বিচার” করে রায় দিতে আদালতকে কোনো একটি শক্তিশালী মহল থেকে চাপ প্রয়োগ করা হয়ে থাকতে পারে।’
‘মাইকেল চাকমার বিরুদ্ধে চাঁদাবাজিসহ যেসব মামলা দেওয়া হয়েছে তা সবই ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সেজন্যই তার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যে এবং বিশেষত তার প্রতিবাদী মুখ বন্ধ করে দেওয়ার জন্য আদালত থেকে জোর করে আদায় করে নেওয়া হয়েছে,’ বিবৃতিতে যোগ করেন তিনি।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৩০ অক্টোবর অস্ত্র ও টাকাসহ মাইকেল চাকমা ও সুমন চাকমাকে দুইজনকে আটক করে লংগদু থানায় হস্তান্তর করে নিরাপত্তা বাহিনী। সে সময় তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দেওয়া হয়।


