দেশে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই বাস সার্ভিসের চালক, কন্ডাক্টর ও হেলপার সবাই হবেন নারী।
বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নারীদের জন্য বিশেষ এই বাস সার্ভিস চালুর প্রস্তুতি শুরু করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীদের যাতায়াতকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালু করা হচ্ছে। এই সার্ভিসটি সম্পূর্ণভাবে নারীদের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে।
এতে বাসের স্টিয়ারিং ধরবেন দক্ষ নারী চালক। পাশাপাশি বাসে দায়িত্ব পালন করবেন নারী কন্ডাক্টর ও নারী হেলপার। সব মিলিয়ে পুরো সার্ভিসটিই নারীদের মাধ্যমে পরিচালিত হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে নারীদের জন্য গণপরিবহনে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


