ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু দুটির মৃত্যু হয়।
এ নিয়ে হাসপাতালটিতে হাম ও উপসর্গে মোট ৪১ শিশুর মৃত্যু হলো। মৃত দুজনই ছেলে শিশু।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২০ মে পূর্বধলা নেত্রকোনা থেকে ১৭ মাসের একটি ছেলে শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। সে মঙ্গলবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
অপর শিশুটি নেত্রকোনার কলমাকান্দার বাসিন্দা। ৮ মাসের শিশুটি মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
শিশু দুটির হাম উপসর্গের সঙ্গে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট ছিল বলে জানান হাসপাতালের চিকিৎসক।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে ১৪ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৭ শিশু।
হাসপাতালে এখনো চিকিৎসাধীন ৪৭ শিশু।
গত ১৭ মার্চ থেকে বুধবার পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৬২৩ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৫৩৫শিশু।


