ভোটারদের আস্থা ফেরাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, ‘অতীতের নির্বাচনগুলোতে ভোটাধিকার প্রয়োগে বাধা, প্রশাসনিক পক্ষপাতিত্ব ও ভয়ভীতির পরিবেশের কারণে সাধারণ মানুষের মধ্যে গভীর অনাস্থা তৈরি হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করতে হবে।’
সোমবার কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে আয়োজিত তৃণমূল কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী।
সম্মেলনে কুতুবদিয়া ও মহেশখালীর জননিরাপত্তার স্বার্থে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং মানুষের যাতায়াত, পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্য সচল রাখতে কার্যকর ফেরিঘাট ব্যবস্থা চালুর দাবি জানান হামিদুর রহমান।
এ ছাড়া ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে মহেশখালী ও কুতুবদিয়ার মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করেন তিনি। দুর্বল ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। একই সঙ্গে কার্যকর ফেরিঘাট ব্যবস্থা না থাকায় মানুষের দৈনন্দিন যাতায়াত ও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে, যার নেতিবাচক প্রভাব স্থানীয় অর্থনীতিতে পড়ছে বলেও জানান তিনি।
বর্তমানে দেশের মানুষ বিপুল উৎসাহ ও প্রত্যাশা নিয়ে নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই অবস্থায় নির্বাচন বাধাগ্রস্ত হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত হবে। এ সময় একটি মহল বর্তমানে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে অভিযোগ করে জামায়াতের এই নেতা জানান, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে।
তৃণমূল কর্মী সম্মেলনে হামিদুর রহমান আযাদ সব রাজনৈতিক দল, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. রমিজের সঞ্চালনায় এবং মো. ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


