ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
জেনারেল হাসপাতাল হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সাপের কামড়ে আনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার তারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আনোয়ারা বেগম তারুয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মহসিন মিয়ার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল ৭টার দিকে আনোয়ারা বেগম রান্নার জন্য ঘরের এক কোণে রাখা চালের বস্তা থেকে চাল বের করতে যান। এ সময় বস্তার ভাঁজে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে বস্তা সরালে সাপটি বের হয়ে পাশের ঝোপঝাড়ে পালিয়ে যায়।

পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

আনোয়ারা বেগমের স্বামী মহসিন মিয়া জানান, সাপ দংশনের পরপরই তিনি ক্ষতস্থানের ওপরের অংশে কাপড় বেঁধে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসা শুরু হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শাহীন ভূঁইয়া বলেন, “সাপের কামড়ে আক্রান্ত রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসা জরুরি। রোগীর শারীরিক অবস্থার ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়েছিল। তবে বিষক্রিয়া অত্যন্ত গুরুতর হওয়ায় সব ধরনের চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি।”

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া বলেন, “বিষাক্ত সাপের কামড়ে তারুয়া ইউনিয়নের এক গ্রাম পুলিশের স্ত্রীর মৃত্যুর খবর পেয়েছি। বর্ষা মৌসুমে গ্রামীণ এলাকায় সাপের উপদ্রব বেড়ে যায়। তাই ঘরবাড়ি, খাদ্যশস্য সংরক্ষণের স্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad