যশোরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শনিবার সকাল ৮টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, বর্তমান বিশ্ব যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক সংকটের মধ্যে রয়েছে। এই সংকট মোকাবেলায় সরকার কাজ করছে এবং জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সংকট মোকাবিলায় সবাইকে মিতব্যয়ী হতে হবে। যুদ্ধ থেমে গেলেও এর প্রভাব বিশ্বব্যাপী দীর্ঘস্থায়ী হবে। সারা বিশ্বের মতো আমাদেরও প্রস্তুত থাকতে হবে।’
এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। নামাজে অংশ নেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম শাহীন এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
যশোর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। দুইটি জামাতেই বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।


