ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেটের সাবেক ও বর্তমান অধিনায়কদের এক ছাদের নিচে এনে তাদের বিশেষ ‘ক্যাপ্টেনস কার্ড’ প্রদান করার এক আন্তরিক উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই মিলনমেলায় বিসিবির নবনির্বাচিত অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালের একটি মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দেশের ক্রিকেটের প্রথম বিশ্বকাপ অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে এই আয়োজনে আমন্ত্রণ জানাতে গিয়ে তামিম আবিষ্কার করেছেন যে, তাকে ফোনে ‘ব্লক’ করে রেখেছেন সদ্য সাবেক এই বোর্ড প্রধান।
জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে তামিম ইকবালের হাতে বিসিবির দায়িত্বভার তুলে দেওয়া হয় গত ৭ এপ্রিল। আইসিসি এই নতুন কমিটিকে অনুমোদন দিলেও বুলবুল নিজেকেই বৈধ সভাপতি দাবি করে আসছিলেন। দায়িত্ব নেওয়ার মাত্র ১০ দিনের মাথায় সাবেক অধিনায়কদের সম্মান জানানোর এই ব্যতিক্রমী উদ্যোগ নেন তামিম। অনুষ্ঠানে নারী ও পুরুষ ক্রিকেটের ৩৩ জন সাবেক অধিনায়কের জন্য কার্ড প্রস্তুত করা হলেও সশরীরে উপস্থিত ছিলেন ২১ জন। সেখানে তামিম নিজেই জানান, বুলবুলের জন্য কার্ড বরাদ্দ থাকলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিসিবি প্রধান তামিম ইকবাল বলেন, ‘আজকের এই আয়োজনে অনেকেই বিভিন্ন পরিস্থিতির কারণে আসতে পারেননি। আমি ব্যক্তিগতভাবে সবার সঙ্গেই যোগাযোগ করার চেষ্টা করেছি। মাশরাফি ভাই ও সাকিবকে ফোন দিয়েছি। নাঈমুর রহমান দুর্জয় ভাই বর্তমানে বিশেষ একটি পরিস্থিতিতে (কারাগারে) থাকায় সরাসরি তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, তবে তার স্ত্রীর সঙ্গে কথা বলে আমরা বিষয়টি অবগত করেছি এবং কার্ডটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছি।’ এরপরই বুলবুলের প্রসঙ্গে কথা বলতে গিয়ে কিছুটা আক্ষেপের সুরে তামিম জানান, ‘বুলবুল ভাইকে আমি ফোন করেছি, মেসেজও পাঠিয়েছি। কিন্তু একপর্যায়ে উপলব্ধি করলাম যে আমিও আসলে তার ফোনে ব্লকড। তাই তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।’
এই বিশেষ কার্ডের মাধ্যমে সাবেক অধিনায়করা দেশ-বিদেশে বাংলাদেশের ম্যাচ চলাকালীন বিশেষ কিছু সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে মাঠে বিনামূল্যে প্রবেশের অধিকার, ভিভিআইপি কার পার্কিং, স্বাস্থ্য বীমা এবং ২৪ ঘণ্টা বিসিবির চিকিৎসকদের জরুরি সেবা গ্রহণের সুযোগ। তামিম আশাবাদ ব্যক্ত করেন যে, বিসিবির সামর্থ্য বাড়লে এসব সুবিধার পরিধি আরও বিস্তৃত করা হবে।
অনুষ্ঠানে অনুপস্থিত থাকা অধিনায়কদের উদ্দেশে বিসিবি প্রধান বলেন, ‘আমি একটি বিষয় বলতে চাই, এই কার্ডগুলো আপনাদের জন্যই তৈরি করা হয়েছে। আপনারা দয়া করে আপনাদের সুবিধাজনক সময়ে এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন।’ নেতৃত্ব বদলের পর বিসিবির এমন উদ্যোগ প্রশংসিত হলেও আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বর্তমান সভাপতির এই যোগাযোগ বিচ্ছিন্নতা ক্রিকেটাঙ্গনের ক্ষমতার লড়াইয়ে যে এখনো বরফ গলেনি, তারই ইঙ্গিত দিচ্ছে।


