গত কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে সৃষ্ট ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী অংশ প্রায় দুই ফুট পানির নিচে ডুবে আছে।
পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবং প্রবল বর্ষণে পানির উচ্চতা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় বুধবার রাতের কক্সবাজার অভিমুখী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা আংশিক বাতিল করা হয়েছে। তবে ট্রেনটি যথাসময়ে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করবে।
বুধবার বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমতাবস্থায় যে সমস্ত যাত্রী বুধবার রাতে ঢাকা থেকে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে কক্সবাজার পর্যন্ত ভ্রমণের জন্য টিকিট কেটেছেন, তারা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে টিকিটের টাকা ফেরত নিতে পারবেন।
আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে সম্মানিত যাত্রীসাধারণের যাতায়াতে বিঘ্ন ঘটায় বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


