সোমবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। কাউন্সিলদের ভোটে নির্বাচিত হয়েছেন ২৩ পরিচালক, বাকি ২ জন এসেছেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত হয়েছে। পরিচালকদের ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুলম সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে নব-নির্বাচিত পরিচালনা পরিষদের সদস্যদের প্রথম সভা।
সেই সভায় নির্ধারিত হয়েছে বিসিবির স্ট্যান্ডিং কমিটি। সভাপতি বুলবুল নিজেই সাজিয়েছেন সব। তিনি নিজে আছেন ওয়ার্কিং কমিটি ও গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান হিসেবে। এর সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চেয়ারম্যানের পদেও থাকছেন তিনি। সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু, যিনি দায়িত্বে বহাল রয়েছেন আম্পায়ার্স কমিটিরও।
খালেদ মাসুদ পাইলটকে দেয়া হয়েছে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) দায়িত্ব। আব্দুর রাজ্জাক আছেন উইমেন্স উইংয়ের চেয়ারম্যান হিসেবে। গেম ডেভেলপমেন্ট গিয়েছে ইশতিয়াক সাদেকের অধীনে। ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন, যিনি পেয়েছেন মিডিয়া কমিটির দায়িত্বও।
তবে কোনো কমিটিতেই রাখা হয়নি সাবেক সভাপতি ও বর্তমান সহ-সভাপতি ফারুক আহমেদকে। তাকে না রাখা নিয়ে ইফতেখার বলেন, ‘ফারুক ভাই এখন কোন কমিটির দায়িত্ব নেই, উনি ভাইস প্রেসিডেন্ট । ক্রিকেট বোর্ড থেকে আমার কাছে এই কমিটিটা দেওয়া হয়েছে। ফারুক ভাইকে হয়তো আমাদের প্রেসিডেন্ট অন্য কোনো কাজে লাগাতে চেয়েছেন। এটা নিয়ে আমি আসলে অবগত না।’
বিসিবির নতুন স্ট্যান্ডিং কমিটি
ওয়ার্কিং কমিটি – আমিনুল ইসলাম বুলবুল
ক্রিকেট অপারেশনস – নাজমুল আবেদীন ফাহিম
ফাইন্যান্স কমিটি – এম নাজমুল ইসলাম, আমজাদ হোসেন
ডিসিপ্লিনারি কমিটি – ফায়জুর রহমান মিতু
গেম ডেভেলপমেন্ট কমিটি – ইশতিয়াক সাদেক
টুর্নামেন্ট কমিটি – আহসান ইকবাল চৌধুরী
বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি – আসিফ আকবর
গ্রাউন্ডস কমিটি – আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান), রাহাত শামস (ভাইস চেয়ারম্যান)
ফ্যাসিলিটিজ কমিটি – শানিয়ান তানিম
আম্পায়ার্স কমিটি – ইফতেখার রহমান মিঠু
মার্কেটিং কমিটি – শাখাওয়াত হোসেন
মেডিকেল কমিটি – মনজুর আলম
টেন্ডার ও পারচেজ কমিটি – আবুল বাশার, হাসানুজ্জামান
মিডিয়া ও কমিউনিকেশনস কমিটি – আমজাদ হোসেন
অডিট কমিটি – মুখলেসুর রহমান
উইমেন্স উইং – আব্দুর রাজ্জাক
লজিস্টিক কমিটি – ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক
সিকিউরিটি কমিটি – মেহেরাব আলম চৌধুরী
সিসিডিএম – আদনান রহমান দীপন, ফায়জুর রহমান মিতু
ফিজিক্যাল চ্যালেঞ্জড কমিটি – জুলফিকার আলি খান
হাই পারফরম্যান্স – খালেদ মাসুদ পাইলট
বাংলাদেশ টাইগার্স – রাহাত শামস
ওয়েলফেয়ার কমিটি – মোখসেদুল কামাল
বিপিএল গভর্নিং কাউন্সিল
আমিনুল ইসলাম বুলবুল, চেয়ারম্যান
ইফতেখার রহমান মিঠু, সদস্য সচিব


