পাঁচ দফা দাবিতে আগামী শনিবার ঢাকাসহ বিভাগীয় শহরে বিক্ষোভ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পূর্বঘোষিত এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে।
সেখানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে গত ১৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের ৫ দফা গণদাবি জাতির সামনে উপস্থাপন করা হয় এবং তিন দিনের চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণা করা হয়।’
এই পাঁচ দফা দাবি হলো–জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও এই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এসব ‘গণদাবি’আদায়েই শনিবার সব মহানগর ও বিভাগীয় সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।


