কোটি কোটি টাকা পাচারের অভিযোগে বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড এলাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফভিপিইএ) সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ১৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
এদিন দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান এই ১৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে কৃষিপণ্য রপ্তানির নামে ইনভয়েসিং করে শত শত কোটি টাকা মানিলন্ডারিংসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।
অনুসন্ধান শেষ হওয়া পর্যন্ত এসব ব্যাংক হিসাবে জমা অর্থের স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর বন্ধে হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।


