রাজধানীর উত্তর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় জুয়েল মিয়া (৩৮) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় তপন রায় (৪০) নামের আরেক রিকশাচালক আহত হয়েছেন।
শুক্রবার বেলা ৩টার দিকে উত্তর বাড্ডার ‘কামরুলের বিরিয়ানির দোকান’-এর সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েলের শ্যালক আজিজুল মিয়া জানান, তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর গ্রামে। বাবার নাম আব্দুল কাদির। বর্তমানে তারা গুলশানের কালাচাঁদপুর এলাকায় থাকেন। জুয়েল পেশায় ব্যাটারিচালিত রিকশাচালক ছিলেন। মাত্র ছয় মাস আগে তার বোন সাজেদাকে বিয়ে করেন জুয়েল।
আজিজুল আরও জানান, সকালে রিকশা নিয়ে বের হয়েছিলেন জুয়েল। আফতাবনগর এলাকায় ট্রাফিক সার্জেন্ট তাঁর রিকশাটি ধরে ডাম্পিংয়ে পাঠান এবং মামলা দেন। দুপুরে ডাম্পিং করা রিকশা থেকে ব্যাটারি খুলে আরেকটি রিকশায় করে কালাচাঁদপুর ফিরছিলেন তিনি। পথে কাভার্ডভ্যান ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, দুপুরের দিকে আফতাবনগর থেকে একটি রিকশায় চড়ে দুই যাত্রী গুলশান কালাচাঁদপুরের দিকে যাচ্ছিলেন। রিকশাটি উত্তর বাড্ডা এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে জুয়েল ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। রিকশার অন্য যাত্রী তপন রায় আহত হলে তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


