বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
বুধবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ রায় দিয়েছে। এ রায়ের ফলে বাগেরহাটের চারটি আসন বহাল থাকবে।
এর আগে ১০ নভেম্বর বাগেরহাটের সংসদীয় ৪টি ও গাজীপুরে ৫টি আসন বহাল থাকবে বলে রায় দেয় হাইকোর্ট। তবে ১২ নভেম্বর এ আদেশ স্থগিত করে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত।
গত ৩০ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করে ইসি। যেখানে ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তনের পাশাপাশি ভোটার ও জনসংখ্যার সামঞ্জস্য আনতে বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি এবং গাজীপুরে একটি বাড়িয়ে ছয়টি আসন নির্ধারণ করা হয়।
এরপর দাবি-আপত্তির শুনানি শেষে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। সেখানেও বাগেরহাটে তিনটি এবং গাজীপুরে ছয়টি আসন করার আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়।
এরপর এর বৈধতা চ্যালেঞ্জ করে বাগেরহাট প্রেসক্লাব, বাগেরহাট জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, বাগেরহাট জেলা আইনজীবী সমিতি, সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন, বাগেরহাট জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক সমিতি এবং ২০১৮ সালের নির্বাচনে বাগেরহাট-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মো. শেখ মাসুদ রানা রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে ১০ নভেম্বর রুল যথাযথ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট।


