মুন্সিগঞ্জে পদ্মা সেতুর পাশে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রের মরদেহ ৪৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত ২৯ মার্চ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র মো. আরাফাত বন্ধুদের সঙ্গে মাওয়া এলাকায় পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নামে।
তিনি বলেন, ‘চার বন্ধু একসঙ্গে পানিতে নামলেও তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে আরাফাত নিখোঁজ হয়ে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।’
‘অবশেষে মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে, নিখোঁজ হওয়ার প্রায় ৪৩ ঘণ্টা পর ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় তার মরদেহ ভেসে ওঠে।’ পরে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।


